Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সলাহঃ সফর থেকে প্রত্যাবর্তন করে নামায আদায় করা

 باب الصَّلاَةِ إِذَا قَدِمَ مِنْ سَفَر وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيهٍِ
পরিচ্ছেদ:সফর থেকে প্রত্যাবর্তন করে নামায আদায় করা সম্পর্কে। হযরত কা’ব বিন মালিক (রা.) বলেন, নবী করীম (সা.) সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদে গমন করতেন, এবং নামায পড়তেন।
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ ‏ "‏ صَلِّ رَكْعَتَيْنِ ‏"‏‏.‏ وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي‏
অনুবাদ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, আমি আল্লাহর নবী (সা.)-এর কাছে এলাম। তখন তিনি মসজিদে ছিলেন। বর্ণনাকারী মিসআ'র বলেন, আমার মনে হয়, আমার পূর্ববর্তী বর্ণনাকারী মুহারিব বলেছেন, তখন সময় ছিলো চাশ্তের। সুতরাং আল্লাহর রাসূল (সা.) বললেন, দুই রাকাআত নামায আদায় করে নাও। আমি তার কাছে কিছু অর্থ পেতাম। তিনি সেটা আদায় করে দিলেন। বরং কিছু অধিক দিলেন।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য صَلِّ رَكْعَتَيْنِ -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬৩, ২৮২, ৩০৯-৩১০, ৩২১, ৩২২, ৩২৪, ৩৩৫, ৩৫৫, ৩৭৫, ৪০১, ৪১৬, ৪৩৪, ৭৬০, ৭৮৯ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: এ শিরোনাম দ্বারা উদ্দেশ্য হলো সফর থেকে প্রত্যাবর্তন করে দু’রাকআত تحية القدوم من السفر [সফর থেকে ফিরে আসার নামায] পড়া মুস্তাহাব প্রমাণ করা।
ইমাম বুখারী শিরোনাম প্রমাণের জন্য হযরত কা’ব বিন মালিক (রা.)-এর রেওয়ায়েতটি তা’লীকস্বরূপ উল্লেখ করেছেন। এখানে তিনি কা’ব বিন মালিকের দীর্ঘ হাদীসের একাংশ বর্ণনা করেছেন। যা বুখারী শরীফের ৬৩৪ পৃষ্ঠার শেষ লাইন। এতে নবী করীম (সা.)-এর আমল উল্লেখ করা হয়েছে। এরপর ইমাম বুখারী হযরত জাবের (রা.)-এর হাদীস উল্লেখ করেছেন। যাতে নবী করীম (সা.)-এর উক্তি উল্লেখ রয়েছে। যা দ্বারা এটা বুঝা গেল যে, এটা নবী করীম (সা.)-এর বৈশিষ্ট্যসমূহের অন্তর্ভুক্ত বিষয় নয়; বরং এটি সকলের জন্যই প্রযোজ্য। কারণ, নবী করীম (সা.) হযরত জাবের (রা.)-কেও এ নামায পড়ার নির্দেশ দিয়েছেন।
আর যেহেতু হযরত জাবের (রা.)-এর এ ঘটনা ঐ সময়ের যখন তিনি সফর থেকে ফিরে এসেছিলেন। যেমন ২৮২ পৃষ্ঠায় বর্ণিত হাদীসে রয়েছে- عن جابر بن عبدالله قال كنت مع النبي (ص) في غزاة الخ আবার ৩০৯ পৃষ্ঠার শেষ হাদীসে রয়েছে- عن جابر بن عبدالله قال كنت مع النبي (ص) في سفرالخ  তাই শিরোনামের সাথে হাদীসের অসামঞ্জস্যতার অভিযোগ সঠিক নয়।
বিঃ দ্রঃ হযরত কা’ব বিন মালিক (রা.)-এর দীর্ঘ হাদীস ও তার আলোচনা নাসরুল বারী কিতাবুল মাগাযী তাবুক যুদ্ধ দ্রষ্টব্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.